হুগলি, ১৫ আগস্ট, (হি.স.): সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হল। ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো দেহ শুক্রবার পাঠানো হয় কলকাতায়।
শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুক্রবার দুপুরে বিজেপি মহিলা মোর্চা সেখানে বিক্ষৌভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত ছিল প্রচুর পুলিশ।
ইতিমধ্যে সিঙ্গুর থেকে নার্সিংহোমের মালিক এবং কাঁথি থেকে মৃত নার্সের এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
মৃতার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।
প্রসঙ্গত, কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায়, গত বুধবার সিঙ্গুরের একটি নার্সিংহোমে উদ্ধার হয় ওই নার্সের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় উত্তেজনা দেখা দেয়। সরাসরি খুনের অভিযোগ তোলে মৃত নার্সের পরিবার। বৃহস্পতিবার প্রায় ৬ ঘণ্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভও দেখান তাঁরা। যদিও মৃতার পরিবারের সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
