মাইবাং (অসম), ১৮ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাঙের বুক চিরে ধাবিত ২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
মাইবাং থানাধীন দিদাওদীপ এলাকায় আজ সোমবার দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্ৰের খবর, এএস ০১ আরসি ৭৫৮৮ নম্বরের পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে জাতীয় সড়কে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়ংকর ছিল যে ট্রাকের ভেতরেই চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত চালকের পোশাক থেকে আধারকার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখে তাকে গোয়ালপাড়া জেলার মোঘো শালপাড়ার বাসিন্দা মুকুন্দ রাভা বলে শনাক্ত করা হয়েছে। ঘটনার সময় গাড়িতে তিনি একা ছিলেন, জানা গেছে পুলিশ সূত্রে।
মাইবাং থানার জনৈক এসআই জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় পুলিশের দল। তাঁরা অকুস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে চালক মুকুন্দ রাভার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
