কলকাতা, ৩১ জুলাই (হি.স.): শহরে একটানা বৃষ্টির জেরে রিজেন্ট পার্ক থানা এলাকায় ধসে পড়ল একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে দাসানি স্টুডিয়োর পাশে, পূর্ব ভারতের ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত ভবনে। ঐতিহাসিক হলেও বহু বছর ধরে এই বাড়িটি বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে পুরসভা। তবুও সেখানে দীর্ঘদিন ধরে প্রায় ছয়টি পরিবার বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোর রাত থেকে টানা বৃষ্টির মধ্যে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির সামনের একাংশ। তখন ঘরে ঘুমাচ্ছিলেন অধিকাংশ বাসিন্দা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সকলে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত সেখানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি এবং পুনর্বাসন করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
