বিশালগড় (ত্রিপুরা), ৭ নভেম্বর (হি.স.) : গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে ডন বসকো স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনা সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি এলাকায় ভাড়াটে বাড়িতে সংঘটিত হয়েছে। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে নিহতের নিকটাত্মীয়দের হাতে।
জানা গেছে, ধনপুর কাইচ্চাখলা এলাকার সত্যকুমার ত্রিপুরার ছেলে প্রহর ত্রিপুরা বিশ্রামগঞ্জ ডন বসকো স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। সেই সুবাদে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকত তারা। সোমবার রাতে মায়ের সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছে। মঙ্গলবার সকাল থেকে প্রহর ত্রিপুরার মা প্রতিনিয়ত ছেলেকে ফোন করে যাচ্ছেন, কিন্তু ফোন কোনওভাবেই রিসিভ না হওয়ায় পরিবারের সদস্যরা ছুটে আসেন মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। ছেলের কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন প্রহর ত্রিপুরা ফাঁসিতে আত্মহত্যা করেছে।
ঘটনার খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝুলন্ত প্রহর ত্রিপুরার মৃতদেহ নামিয়ে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ময়না তদন্ত করার পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বেশ কিছুদিন ধরে এলাকারই কিছু নেশা সেবনকারী যুবকদের সঙ্গে প্রতিনিয়ত চলাফেরা শুরু করেছিল প্রহর। মালিক অনেকবার তাকে বারণ করেছেন নেশা সেবনকারী যুবকদের সঙ্গে চলাফেরা না করতে। কিন্তু তাতে কোনও কর্ণপাত করেনি প্রহর ত্রিপুরা।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে, একটি সুইসাইড নোট পুলিশ ওই ঘর থেকে উদ্ধার করেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চায়নি পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ
