পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই (হি.স.): বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষায় বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষামহলের একাংশ। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয়। উপাচার্য নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে তদন্ত করে বৃহস্পতিবার প্রথমার্ধেই রিপোর্ট জমা দিতে।
প্রশ্ন দেওয়া হয়েছে, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেট এর নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ পরীক্ষার এই প্রশ্ন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
তিন জেলাশাসককে হত্যা করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবীরা। তাঁদেরকেই প্রশ্নপত্রে ‘সন্ত্রাসবাদী’ কেন বলা হলো? প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ওটি ছাপার ভুল ছিল। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপাচার্যের নজরে আসার পরেই উনি পরীক্ষা নিয়ামক (কন্ট্রোলার)-কে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে তদন্ত করে বৃহস্পতিবার প্রথমার্ধেই রিপোর্ট জমা দিতে।’
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন চন্দ্রকোণা রোড গৌরব গুইন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আকবর আলি শাহ বলেন, ‘আমি জানি না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এখন কাদের দ্বারা পরিচালিত হচ্ছে বা কারা এসব প্রশ্ন করছেন? এক তো ভুলে ভরা প্রশ্ন। একই প্রশ্ন একাধিকবার রিপিট হয়েছে। তার উপরে আমাদের বীর সন্তান তথা মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের যে ভাবে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে, তাতে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে।’
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘এখন ইংরেজ আমল নয়, স্বাধীন ভারতের একটি বিশ্ববিদ্যালয় স্তরে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের যে ভাবে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিজনক।’
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
