ঝাড়গ্রাম, ১ ডিসেম্বর (হি.স.): বালি পাচার কাণ্ডের কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি দল।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি।
ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিলটু। তাঁর বিরুদ্ধে বহু আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাঁর বাবা ক্যানসার আক্রান্ত, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। অভিষেকও সেই সূত্রে আপাতত কলকাতায়। তাই তাঁর বাড়ি গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালালেও অভিষেক পাত্রর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
