পশ্চিম বর্ধমান, ১৮ জুলাই (হি.স.): “বিজেপির জন্য বাংলা অস্মিতা সর্বোপরি। বাঙালির অস্মিতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রকে সফল হতে দেব না।” শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামের জনসভায় এই মন্তব্য করেন।
তিনি সভায় বলেন, “পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতির কেন্দ্র। আজ লেখক বিষ্ণু দের জন্মদিন। বাংলা ভাষায় তাঁর বড় অবদান রয়েছে। বাম এবং কংগ্রেস দীর্ঘদিন সরকার চালালেও বাংলা ভাষার জন্য কিছু করেনি। বিজেপি সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এভাবে বাংলা ভাষা, সাহিত্যকে আমরা সম্মান দিয়েছি।”
বিজেপি এমন এক দল যা অঙ্কুরিত হয়েছিল এই বাংলার মাটিতে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তৈরি এই দল। তিনি এক দেশ এক সংবিধানের জন্য প্রাণ দিয়েছিলেন। আমরা তাঁর স্বপ্নকে সফল করেছি।
এখানে কি হচ্ছে? তৃণমূল নিজের স্বার্থে পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতিকে হুমকির মুখে ফেলছে। অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, ভুয়ো পরিচয় পত্র বানিয়ে দিচ্ছে। একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে ফলে দেশের ক্ষতি হচ্ছে, বাংলার ক্ষতি হচ্ছে। তোষণের জন্য তারা সব সীমা পার করে ফেলেছে।
এরা অনুপ্রবেশকারীদের সমর্থনে মাঠে নামছে। দেশের সংবিধান, সাংবিধানিক সংস্থাকে হুমকি দিচ্ছে। কিন্তু মা দুর্গার মাটি থেকে আমি বলে দিতে চাই, যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশ করে এসেছে তাদের সঙ্গে ভারতের সংবিধান মেনে ন্যায় সম্মত পদ্ধতিতে তাদের ব্যবস্থা হবে।”
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
