বীরভূম, ২৭ জুন (হি.স.): এক যুবতীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। পরবর্তীতে ইটভাটা থেকে উদ্ধার যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় যুবতীর।
সূত্রের খবর, প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করেছে পরিবার—এই খবর প্রেমিকের কানে পৌঁছতেই ভয়ংকর কাণ্ড হয়। বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি কোপায় ওই যুবক। পরে যুবতী মারা যায়।
চাঞ্চল্যকর ঘটনাটি হয়েছে বীরভূমের তারাপীঠ থানার বাতিনা গ্রামে। গোটা ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী একাদশ শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে খবর, তারাপীঠ থানার খামেড্ডা গ্রামের বিক্রম মাল নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক তৈরি হয়েছিল।
যদিও পরিবারের অভিযোগ, বিক্রম মাল রাস্তাঘাটে ওই কিশোরীকে উত্যক্ত করছিল। কয়েকদিন আগে কিশোরীকে কিছু ছবি সুপার ইমপোজ করে ব্ল্যাকমেল করতেও শুরু করে বিক্রম, অভিযোগ পরিবারের।
ইতিমধ্যেই দেহদুটিই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান, রাগের বশেই প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
