কলকাতা, ৮ সেপ্টেম্বর, (হি.স.): ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে পুরস্কার পাওয়ায় সানন্দবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।
আমি প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।
প্রসঙ্গত, ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম সংস্করণে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। পুরুলিয়া থেকে আসা এই প্রতিভাবান পরিচালক তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সংস অফ ফরগটেন ট্রিস-এর জন্য উৎসবের ‘অরিজোন্টি’ বিভাগে এই পুরস্কার জিতেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
