দুর্গাপুর, ২৯ নভেম্বর (হি. স.) : সন্তান কার? আর সেই সন্দেহে পরিবারিক অশান্তি। তার জেরে নিজের শিশু সন্তানকে থেঁতলে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বুধবার এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে খনি অঞ্চল অন্ডালের বহুলা মতিবাজার এলাকায়।
ঘটনায় জানা গেছে, অভিযুক্ত বাবা অজয় ভূঁইয়া পেশায় দিনমজুর। স্থানীয় সুত্রে জানা গেছে, অজয় তার স্ত্রী কে সন্দেহের চোখে দেখতো। অভিযোগ, তাদের ৮ মাসের সন্তানকে নিজের সন্তান বলে অস্বীকার করত অজয়। তাই নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী ও পরিবারের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। অজয় ভূঁইয়ার মা অমৃতা দেবী জানান, অজয় তার স্ত্রীকে ঘরে আনার জন্য বলেছিল। বৌমা বাড়িতে এলে সকলে সুখে থাকবে সে কারণেই বৌমাকে বাড়িতে নিয়ে আসা হয়। আট মাসের সন্তানকে নিয়ে বৌমা বাড়িতে আসার পর থেকেই অজয় সন্তান নিজের বলে অস্বীকার করত। তাই নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হতো। বুধবার সকালে অজয় তার সন্তানকে কোলে করে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বের হয়। বাড়ি থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত খোলা মুখ খনির ঝোঁপের কাছে অজয়কে দেখতে পাই। সন্দেহ হওয়ায় অজয় কে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করা হয় সে তার সন্তানকে নিয়ে এসেছে কিনা।
তারপর তিনি পাড়া প্রতিবেশীদের ডাকেন। এলাকার লোকেরা তল্লাশী শুরু করে। এবং সেই ঝোঁপ থেকে গুরুতর আহত অবস্থায় আট মাসের শিশুকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। গুরুতর রক্তাত্ব অবস্থায় আট মাসের শিশুকে রাণীগঞ্জের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে গা শিউরে উঠছে এলাকার বাসিন্দাদের। কিভাবে নিজের বাবা তার ৮ মাসের শিশুসন্তানকে হত্যা করতে পারে? ঘটনায় অভিযুক্ত অজয়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও এবিষয়ে অভিযুক্ত অজয় ভূঁইয়া মুখ খুলতে নারাজ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এখনও কেন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব
