পশ্চিম বর্ধমান, ৪ জুলাই (হি.স.): শুক্রবার থেকে ঝাড়খণ্ডের তেনুঘাট ও কোনার বাঁধ এলাকা সমেত সংলগ্ন এলাকায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টিতে তেনুঘাটে জলের পরিমাণ বাড়লে আবার সেই জল সোজা পাঞ্চেতে আসবে এবং পাঞ্চেত থেকে তা ছাড়া হবে। ফলে ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বেড়েছে।
রাজ্য সরকারের সেচ দফতরের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও বুধবার থেকে পাঞ্চেত জলাধার থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক এবং মাইথন জলাধার থেকে ৩ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।বৃহস্পতিবারও এই পরিমাণ জল ছাড়া চলে।
সূত্রের খবর, জল ছাড়া নিয়ে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটির (ডিভিআরআরসি) সঙ্গে সেচ দফতরের আধিকারিকদের রীতিমতো কাগজে-কলমে বাক-বিতণ্ডা চলছে বলে জানা গিয়েছে। রাজ্য সেচ দফতরের সর্বোচ্চ এক আধিকারিক ডিভিআরআরসি-র সদস্য সচিব সঞ্জীব কুমারকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া বাঁধগুলি সংস্কার ও পলি তোলার কাজ চলছে বলে এখন যেন তাঁরা জল না ছাড়েন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
