লখনউ, ৪ জুলাই (হি.স.): মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তো বটেই, সময়বিশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তর প্রদেশের উন্নয়নকে ‘আদর্শ’ হিসাবে দাবি করেন। কিন্তু ওই রাজ্যের প্রকৃত উন্নয়নের ছবিটা কীরকম?
উত্তর প্রদেশের উন্নয়নের জেলাভিত্তিক মানচিত্রে সবচেয়ে এগিয়ে গৌতম বুদ্ধ নগর। দিল্লি, নয়ডা, বৃহত্তর নয়দার সংলগ্ন হওয়ায় এই জেলা একটা বাড়তি সুবিধা পেয়েছে। মাথাপিছু আয়ের (পারচেজিং পাওয়ার প্যারিটি, সংক্ষেপে পিপিপি) নিরিখে এই জেলা জাপানের সমান। এর পরেই আছে লখনউ। এই জেলার পিপিপি ভারতের গড় পিপিপি-র সমান। উত্তরপ্রদেশের তৃতীয় স্থানে থাকা জেলা গাজিয়াবাদের মাথাপিছু আয়ের সঙ্গে তুলনা করা যায় মরক্কোর অর্থনীতির।
গৌতম বুদ্ধ নগর, লখনউ এবং গাজিয়াবাদের বাসিন্দাদের মাথাপিছু আয় ওই রাজ্যের গড় মাথাপিছু আয়ের তুলনায় যথাক্রমে ১০.৯, ২.৩ এবং ২.৩ শতাংশ বেশি। ওই তিন জেলার মাথাপিছু আয় যথাক্রমে বাৎসরিক ১০ লক্ষ ১৭ হাজার ৭৫৮ টাকা, ২ লক্ষ ১৬ হাজার ৭৩৪ টাকা এবং ২ লক্ষ ১১ হাজার ৫০৫ টাকা।
২০২৩-২৪এ উত্তর প্রদেশের অর্থনৈতিক সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
