হাওড়া, ২ ডিসেম্বর (হি.স.): টোটো চুরি ঘিরে সোমবার রাতে উত্তাল হল হাওড়ার নাজিরগঞ্জের আন্দুল হরেকৃষ্ণনগর। অভিযোগ, নাজিরগঞ্জ থানার এক অস্থায়ী গাড়ি চালক রবিবার গভীর রাতে রাস্তার পাশ থেকে একটি টোটো মোটরবাইকে বেঁধে নিয়ে পালান। গোটা ঘটনাটি রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়ে। এমনকি যে মোটরবাইকে করে ওই চালক টোটোটি চুরি করেন বলে অভিযোগ, সেটিও চুরি যাওয়া বাইক।
বাসিন্দাদের অভিযোগ, থানার গাড়ি চালক ওই মোটরবাইকের নম্বরপ্লেট বদলে সেই বাইক নিয়েই টোটো চুরি করেন। এলাকার বাসিন্দারা জানান, সোমবার রাতে টোটো চুরির অভিযোগ জানাতে থানায় গেলে থানার ওই চালক ও অন্য পুলিশকর্মীরা বাসিন্দাদের উপর বেধড়ক লাঠি চালান বলে অভিযোগ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক বলেন, টোটোটি বেআইনি ভাবে রাখা হয়েছিল। তাই সেটিকে তুলে আনা হয়। পুলিশ ওই এলাকায় নেশার ঠেক ভেঙে দিয়েছে। তাই পুলিশের নাম বদনাম করার জন্য এই সব করা হচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
