ভোপাল, ৬ জুলাই(হি. স) : মধ্যপ্রদেশের ভোপালে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সালমান খান (২৩)। মৃতের পরিবারের অভিযোগ, তিন অভিযুক্ত যুবক মিলে পুরোনো বিবাদের জেরে সালমানকে মারধর করে মুখে জোর করে বিষ খাইয়ে দেয়। অচেতন অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় তারা। কোনওরকমে তিনি বাড়ি ফিরে আসেন। তখন তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকে তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে সালমান তাঁর পরিবারকে জানান, অভিযুক্তরা শুধু মারধরই করেনি, অশ্লীল ভিডিও তোলে এবং তাঁর মোবাইল ফোনও ভেঙে দেয়। পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ধৃত দু’জনকে জেরা করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানান , ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
