গণ্ডাছড়া, ২৫ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা থেকে নিখোঁজ এক কলেজ পড়ুয়া ছাত্র। নিখোঁজ ছেলের খোঁজ পেতে থানা কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন অসহায় বাবা।
ঘটনার বিবরণ দিতে গিয়ে অসহায় বাবা ঠুঙ্গা জমাতিয়া জানান, ছেলে সূর্য জমাতিয়া, বয়স প্রায় একুশ বছর। গণ্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র সে। অন্যান্য দিনের মতো গত ২১ ডিসেম্বর কলেজ থেকে মহকুমার মাছকুমির এলাকার নিজ বাড়িতে ফিরে আসে সূর্য। কিছুক্ষণ বাড়িতে বসে তার মায়ের কাছে ৭০০ টাকা দেওয়ার দাবি জানায় সে। অসুস্থ মা টাকা দিতে সক্ষম নন বলতেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য জমাতিয়া।
সে থেকে রবিবার পর্যন্ত বহু খোঁজাখুঁজির পরও ছেলের কোনও হদিশ না পেয়ে নিখোঁজ ছেলের খোঁজ পেতে সোমবার গণ্ডাছড়া মহকুমা থানার দ্বারস্থ হন অসহায় বাবা ঠুঙ্গা জমাতিয়া। গণ্ডাছড়া মহকুমা সদরের সরকারি ডিগ্রি কলেজের ছাত্র নিখোঁজের ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ
