কলকাতা, ২৫ ডিসেম্বর(হি.স.): বঙ্গ ক্রিকেটে প্রতিশ্রুতিবান ক্রিকেটার তুুলে আনতে অভিনব উদ্যোগ নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই উদ্যোগে শামিল হয়েছেন সিএবি-র প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তা সঞ্জয় দাস।
এদের উদ্যোগে বঙ্গ ক্রিকেটে আসতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। আইপিএলের ঢংয়ে রাজ্যভিত্তিক টি-টোয়েন্টি লিগ, যা পাল্টে দিতে পারে এ রাজ্যের ক্রিকেট মানচিত্রই। বড়সড় প্রকল্পই হতে চলেছে বলে ওয়াকিবহাল মহল আশা করছে।
প্রাথমিক ভাবে যেটা ঠিক হয়েছে সেটা হল একই সঙ্গে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি লিগ চালু করা হবে। যা অন্য কোনও রাজ্য করেনি। অন্যান্য রাজ্যে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজ়ি লিগ চালু হলেও তা কিন্তু শুধু পুরুষদের মধ্যেই আছে। সিএবি ঠিক করেছে, একই সঙ্গে পুরুষদের লিগ হবে ইডেনে। আর মেয়েদের লিগ হবে সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। কিন্তু মেয়েদের ফাইনাল হবে ইডেনে।
প্রথম বছরে পুরুষদের লিগে থাকবে আটটি দল, মহিলাদের ছ’টি দল।
গত বছরই ভারতীয় বোর্ডের অনুমোদন পাওয়া গেছে।প্রস্তুতির কাজ চলছে। সিএবি আশা করছে নতুন বছরের জুন মাসে লিগ চালু করা যাবে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
