আগরতলা, ১৩ ডিসেম্বর (হি. স.) : চাকরী দেয়ার নামে টাকা দাবি করার ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরের একটি বেসরকারী হোটেলে লঙ্কাকান্ড ঘটে গেল বুধবার দুপুরে৷ পুলিশ ওই হোটেলে গিয়ে ইন্টারভিউ নিতে আসা তিনজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে৷ পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু করেছে৷
জানা গিয়েছে, রাজধানী আগরতলা শহরের মঠচৌমুহনীতে একটি হোটেলে ইন্টারভিউ নেয়ার জন্য বহিঃরাজ্যের কয়েকজন ঘাঁটি তৈরী করেন৷ তারা প্রথমে অনলাইনে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছিলেন৷ প্রার্থীদের কল করে এবং এসএমএস করে ওই হোটেলে ডাকা হয় ইন্টারভিউ দেয়ার জন্য৷ এদিনই ইন্টারভিউর পর সফল প্রার্থীদের অফার দেয়া হবে বলে জানানো হয়েছিল৷ সেই মোতাবেক প্রচুর সংখ্যায় যুবক যুবতী ওই হোটেলে ইন্টারভিউ দেয়ার জন্য আসেন৷
যথারীতি ইন্টারভিউ চলছিল৷ তখন কয়েকজন প্রার্থী ইন্টারভিউর হল থেকে বেরিয়ে এসে বলেন যে তাদের কাছে চাকরির জন্য টাকা দাবী করা হয়েছে৷ কারো কাছে ১৫০০০ তো কারে কাছে আরও বেশী টাকা চাওয়া হয়েছে৷ তখন প্রার্থীরা বুঝতে পারেন যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে৷ এনিয়ে মুহুর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঠচৌমুহনী এলাকায়৷ খবর দেয়া হয় পুলিশকে৷ পূর্ব আগরতলা থানার পুলিশ হোটেলে গিয়ে ইন্টারভিউ নিতে আসা তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ জানা গিয়েছে, বেকার যুবক যুবতীদের ডাকা হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর পদে ইন্টারভিউর জন্য৷ রাজধানী আগরতলা শহরে চাকরি দেয়ার নামে প্রতারক চক্রের হোটেলে ইন্টারভিউ ডাকার ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ হিন্দুস্থান সমাচার / গোবিন্দ
