তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৮ জুলাই (হি.স.) : বর্তমানে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য ত্রিতল বিশিষ্ট এগ্রি প্রডিউস মার্কেট, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের নির্মাণ কাজ এবং চাকমাঘাটের ওয়াটার প্ল্যান্টের কাজ।
এই কাজগুলি কোন অবস্থায় রয়েছে, গুণগতমান বজায় রেখে কাজগুলি হচ্ছে কিনা, কবে নাগাদ শেষ হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি সরেজমিনে দেখার জন্য সোমবার স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল চলমান বিভিন্ন নির্মাণ কাজগুলি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিধায়িকা ছাড়াও তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন সাহা, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সচিব নন্দন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন কর্মসূচি সম্পর্কে বিধায়িকা কল্যাণী সাহা রায় দাবি করেন, যেহেতু উন্নয়নমূলক কাজ চলছে তাই এই কাজগুলি ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখভাল করা প্রয়োজন। এই কারণেই আজকে পরিদর্শন বলে দাবি বিধায়িকার।
পাশাপাশি তিনি দাবি করেন এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া বিধানসভা এলাকাজুড়ে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। এইভাবে কর্মসূচিগুলির বাস্তবভিত্তিক রূপায়ণের মধ্য দিয়ে আগামীদিনে তেলিয়ামুড়া ক্রমান্বয়ে আরও উন্নত হবে এমনটাই দাবি করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das
