খড়দহ, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার খড়দহে ডাম্পার ও এসইউভি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। কল্যাণী হাইওয়ের ওপর একটি এসইউভি গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দু’জন মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। স্থানীয় সূ্ত্রে খবর, সোমবার ভোরে কল্যাণী হাইওয়ে ধরে দ্রুত গতিতে যাচ্ছিল এসইউভি গাড়িটি।
কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা দেয় এসইউভি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালক ও দুই মহিলার। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ছ’জন আহত হয়েছেন। তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
