জম্মু, ১১ সেপ্টেম্বর (হি.স.) : টানা ১৭ দিন ধরে বন্ধ রয়েছে বৈষ্ণোদেবীর যাত্রা। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা থেকে অর্ধকুয়ারি পর্যন্ত যাত্রাপথে ধস নামার ফলে ভক্তদের যাত্রা স্থগিত রাখা হয়েছে। বিগত ২৬ আগস্ট অর্ধকুয়ারি সংলগ্ন ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে প্রবল বৃষ্টির জেরে ধস নামে। সেই দুর্ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়, যাঁদের অধিকাংশই ছিলেন তীর্থযাত্রী। আহত হন অনেকে। এদিকে, কাটরার ব্যবসায়ী মহল শ্রাইন বোর্ডকে আবেদন জানিয়েছে দ্রুত যাত্রা শুরু করার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে। কারণ, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবরাত্রি।
উল্লেখযোগ্য, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিংহ, যিনি বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সভাপতি, তিনি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চস্তরীয় তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন জম্মু-কাশ্মীর জলশক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শালীন কাবরা। সদস্য হিসেবে রয়েছেন জম্মুর বিভাগীয় নগরপাল রমেশ কুমার ও পুলিশের আইজি বি. এস. টুটী। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে উপরাজ্যপালকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
