দেহরাদূন, ৮ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হড়পা বানের পরে শুক্রবারও ধারালী এলাকায় যুদ্ধকালীন তৎপরতার মধ্যে উদ্ধারকাজ চলছে। উত্তরকাশীর ধারালীতে সেনাবাহিনী, এনডিআরএফ, আইটিবিপি, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধারকার্যের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জানান, সকাল থেকেই হেলিকপ্টার, এমআই-১৭ এবং চিনুক হেলিকপ্টার ব্যবহার করে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। গঙ্গোত্রি, হর্ষিল, ঝালা, জসপুর প্রভৃতি এলাকা থেকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখছেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে। রাস্তা, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ পুনঃস্থাপনে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শুক্রবার উত্তরকাশীর আবহাওয়া খারাপ থাকার কারণে মাতলি বেস ক্যাম্প থেকে হেলিকপ্টার ওড়ান সম্ভব হয়নি।
রাষ্ট্রীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় মানুষজন ও তীর্থযাত্রীদের হর্ষিল ও ধারালি থেকে উদ্ধার করে আইটিবিপি ক্যাম্প ও জলি গ্রান্ট হেলিপ্যাড পর্যন্ত আনা হচ্ছে। চিনুক এবং এমআই-১৭ হেলিকপ্টারে করে এলাকার মধ্যে ওষুধ, জল ও খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর হারসিলের ধারালীর কাছে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
