নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): ৭৯-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে ‘সুদর্শন চক্র মিশন’ শুরুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই মিশনের মূল উদ্দেশ্য দেশের কৌশলগত, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে সুরক্ষিত রাখা, পাশাপাশি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্রশস্ত্র দেশে তৈরি করা। ইজরায়েলের ‘আয়রন ডোম’-এর আদলে, কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ঢাল গড়ে তোলাই এর লক্ষ্য। ২০১০ থেকে গাজা ও লেবানন সীমান্তে ইজরায়েলের এই প্রযুক্তি শত শত রকেট হামলা ঠেকিয়েছে এবং তার সফলতার হার ৯০ শতাংশেরও বেশি বলে দাবি তাঁর।শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে প্রেরণা নিয়ে আমরা এই জাতীয় সুরক্ষা ঢাল গড়ে তুলব। ২০৩৫ সালের মধ্যে এটিকে আরও বিস্তৃত, আধুনিক ও শক্তিশালী করে তোলা হবে। এমনটাই জানান প্রধানমন্ত্রী মোদী। তাঁর সংযোজন, গবেষণা ও উৎপাদন – সবটাই ভারতের মাটিতে হবে, ভারতীয় যুবসমাজের প্রতিভা কাজে লাগিয়ে। শুধু সন্ত্রাসী হামলা প্রতিহত নয়, প্রয়োজনে তাদের ঘাঁটি ধ্বংস করাই এই মিশনের লক্ষ্য।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
