বেঙ্গালুরু, ১ আগস্ট (হি.স.): পরিচারিকাকে যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না। পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মামলা গড়িয়েছিল আদালতে। অবশেষে দোষী সাব্যস্ত হলেন তিনি। শুক্রবার সাংসদ বিধায়কদের বিশেষ আদালত এই রায় দেয়। আদালত জানিয়েছে, রেভান্নার শাস্তির বিষয়টি শনিবার ঘোষণা করা হবে। এই ঘোষণার পরই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন এই প্রাক্তন সাংসদ। তিনি এই সিদ্ধান্তকে একেবারে সঠিক নয় বলেই দাবি করতে থাকেন।
প্রসঙ্গত, একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান তিনি। আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। দুবার টিকিট কেটেও তা বাতিল করে দিতে দেখা যায় তাঁকে। কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করার পর থেকেই পরিষ্কার হয়ে যায় এবার সম্ভবত তিনি ফিরছেনই। কেম্পেগৌড়া বিমানবন্দরে তিনি পৌঁছলে সেখানে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
