নয়াদিল্লি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অতি সক্রিয়তার অভিযোগ তুলে এবার নির্বাচনের কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন শশী পাঁজা, ডেরেক ও”ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ প্রমুখ।
নির্বাচন কমিশনের দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলেছেন, নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশন সোমবার আবার আমাদের সময় দেবে। আমরা তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা করব এবং আমাদের উদ্বেগ প্রকাশ করব। নির্বাচনের ঠিক আগে যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে তাতে উদ্বিগ্ন তৃণমূল। এখন নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে, নির্বাচন কমিশন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে, তারপরেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, ৩২৪ ধারার মাধ্যমে নিজেদের হাতে থাকা সমস্ত ক্ষমতা গ্রহণ করার জন্য।
শশী আরও বলেছেন, তাঁদের লক্ষ্য পশ্চিমবঙ্গ… তাঁরা মহুয়া মৈত্র পর্যন্ত পৌঁছেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিরক্ত করছে… পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্তরকে বিরক্ত করা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি একটি বৈষম্যমূলক পন্থা ব্যবহার করছে।
