ঢাকা: লোকসভা নির্বাচন শেষ হলেই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকায় বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি না বেজিং, কোন দেশে আগে যাবেন এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেছেন, দিল্লি তো কাছেই, বেজিং তার পরে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে তিস্তা-সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহমান ৫২টি নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। এই প্রকল্প রূপায়ণে চিনকে সরিয়ে অর্থায়ন করতে চায় ভারত। ঢাকা সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব, খবর কূটনৈতিক সূত্রে।
বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যে প্রকল্প হবে তা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী হবে। এবং বাংলাদেশের প্রয়োজন পূরণ হবে। এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভারতের তরফে। অন্যদিকে, ইলেক্ট্রিক কানেক্টিভিটির ক্ষেত্রে নেপাল-ভুটানকে ট্রানজিট করার বিষয়েও প্রাধান্য দেওয়া হচ্ছে।সেক্ষেত্রে ভারতের ওপর দিয়ে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।ভিসা সমস্যা সমাধানে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতি বছর গড়ে ভারত, বাংলাদেশে ১৬-১৭ লাখ ইস্যু করে, এমন বাস্তবতায় অনলাইন ভিসা পদ্ধতি সরলীকরণের ওপর জোর দেওয়া হবে। আর সাম্প্রতিকালে বহু আলোচিত সীমান্ত হত্যার বিষয়টিও বাংলাদেশের তরফে ভারতের সামনে রাখা হয়েছে।
দু”দিন আগে বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া লাগোয়া সীমান্তে ভারতের ফাঁসিদেওয়ায় গুলিতে দুই যুবকের মৃত্যুর বিষয়টির সঙ্গে উঠে এসেছে অনুপ্রবেশ এবং সীমান্তে পাচার বিষয়টিও। খবর, ভারতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারে গুরুত্ব আরোপ করা হবে প্রাণহানি, প্রাণহানির ঘটনা কমাতে।
