
ইটানগর, ২০ ফেব্রুয়ারি : অরুণাচল প্ৰদেশের ৩৮-তম রাজ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করতে দু-দিনের সফরসূচি নিয়ে ইটানগর এসে পৌঁছেছেন সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আজ মঙ্গলবার বিকালে ভারতীয় বায়ুসেনার বিমানে ডনি পোলো বিমানবন্দরে অবতরণ করলে উপরাষ্ট্রপতি এবং সেকেন্ড লেডি ড. সুদেশ ধনকড়কে স্বাগত জানান রাজ্যপাল কেটি পরনায়ক এবং মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু।
আগামীকাল ২১ ফেব্ৰুয়ারি ইটানগরে অবস্থিত ইন্দিরা গান্ধী পার্কে অনুষ্ঠেয় রাজ্য দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এছাড়া তিনি একাধিক সরকারি কার্যক্রমেও অংশগ্রহণ করবেন। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি এদিন রাজভবনে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের অবদানের জন্য সম্মানিত করবেন উপরাষ্ট্রপতি।
এদিকে রাজ্য দিবস উদযাপন এবং রাজভবনে সম্মান প্রদান অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে। রাজ্য দিবস উপলক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি থেকে আগামীকাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাপিটাল ইটানগরে জারি করা হয়েছে সিআরপিসির ধারা ১৪৪। তাছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পৰ্যন্ত ইটানগরে অবস্থিত রাজভবনের আশপাশের ৫০০ মিটার ব্যাসার্ধ এলাকাও উল্লিখিত সময়ের মধ্যে ১৪৪ ধারার অধীনে থাকবে।
