মুম্বই, ২৬ জানুয়ারি (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের গ্রান্ট রোডের কামাথিপুরা এলাকার টিম্বার মার্টে একটি রেস্তোরাঁয়। দমকল জানিয়েছে, শুক্রবার ভোররাত দু’টো নাগাদ ওই রেস্তোরাঁয় আগুন লাগে। প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু, আগুন বিধ্বংসী রূপ নেওয়ায় পরে দমকলের আরও ১২টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়।
দমকল জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে আশেপাশের একটি মল এবং একটি উঁচু ভবন খালি করা হয়। বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি) জানিয়েছে, গ্রান্ট রোডের একটি রেস্তোরাঁয় আগুন লেগে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই রেস্তোরাঁর বাথরুমে একজন অজ্ঞাত পুরুষের অগ্নিদগ্ধ দেহ পাওয়া যায় এবং সেই দেহ জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
