নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। তাতেই নাম আছে রেজওয়ানা চৌধুরী বন্যার। স্বাভাবিকভাবেই খুশির আমেজ বাংলাদেশের বাসিন্দা এবং রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের মধ্যে।
বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় রেজওয়ানা চৌধুরী। এখনও পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে বন্যার। এর মধ্যে রয়েছে ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘এলাম নতুন দেশে’, ‘মাটির ডাক’, ‘গেঁথেছিনু অঞ্জলি’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’ এবং ‘ছিন্নপত্র’। সঙ্গীতে তাঁর অবদানের জন্যই ভারত সরকারের পক্ষ থেকে ‘পদ্মশ্রী’ যা ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক (অসামরিক) সম্মান দেওয়া হবে।
এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছে । ২০১৭ সালে কলকাতার নজরুল মঞ্চে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর হাতে ‘বঙ্গভূষণ’ পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের সংস্কৃতি দফতর প্রদত্ত ‘সংগীত সম্মান পুরস্কার’ পেয়েছেন বন্যা।
তবে এবারই প্রথম নয়। আগেও বাংলাদেশিদের হাতে দেওয়া হয়েছে পদ্ম সম্মান। ২০২১ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন বাংলাদেশের অধ্যাপক সনজীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। তার আগে, অধ্যাপক আনিসুজ্জামান এবং কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ পান। আর ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক এবং সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।
