নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : অসমের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন। ৫২ বছর বয়সে তাঁর হঠাৎ চলে যাওয়া সংগীতজগৎ ও অসংখ্য ভক্তকে শোকস্তব্ধ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সামাজিক মাধ্যমে শোকবার্তায় বলেন, “জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে আমি স্তব্ধ। সংগীত জগতে তাঁর সমৃদ্ধ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবেশনা সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় ছিল। পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।”
প্রসঙ্গত, অসমের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন উত্তর-পূর্ব উৎসবে অংশগ্রহণ করতে। শুক্রবার সন্ধ্যায় তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গিয়েছে, সিঙ্গাপুর পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শোনা যাচ্ছে, জুবিনের খবর পেয়েই দ্রুত সিঙ্গাপুরে যাচ্ছেন তাঁর স্ত্রী।
ইতিমধ্যেই নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজকদের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় জুবিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জুবিনকে তৎক্ষনাৎ সিপিআর দেওয়া হয়েছিল ৷ হাসপাতালে চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা করেন তাঁকে বাঁচানোর ৷ কিন্তু সকলের প্রয়াস ব্যর্থ হয় ৷ হাসপাতালের আইসিইউ বেডে দুপুর ২.৩০ নাগাদ মৃত্যু হয় জুবিন গর্গের ৷
১৯৭২ সালের ১৮ নভেম্বর জোড়হাটে জন্মগ্রহণ জুবিন গর্গের। ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবে পরিচিত। জুবিন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন। তারপর একের পর এক অসাধারণ গান গেয়েছেন তিনি। অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। হিন্দি-বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন। জানে ক্যায়া চাহে মন, দিল তু হি বাতা, পিয়া রে পিয়া রে-মত গান আজও হৃদয়ে আপামর জনগণের। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগতে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
