ভুবনেশ্বর, ৩০ আগস্ট (হি.স.): লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের কল্যাণে রাজ্য বিধানসভাগুলির কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। শনিবার ওড়িশার ভুবনেশ্বরে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের কল্যাণে সংসদ এবং রাজ্য আইনসভার কমিটির চেয়ারপার্সনদের দুই দিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ওম বিড়লা বলেন, সংসদ কমিটি অবশ্যই রাজ্যগুলিতে এই জাতীয় কমিটির জন্য সুপারিশ করবে।
তিনি বলেন, দুদিনের বৈঠকে, সংসদ কমিটি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে উপলব্ধ করা এবং সমাজের এই শ্রেণীর জন্য বাজেটের বিধানের যথাযথ ব্যয় নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিড়লা আরও বলেছেন, একটি ‘সমতার সমাজ’ আনার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে, যাতে বাবা সাহেব বিআর আম্বেদকরের স্বপ্নগুলি ২০৪৭ সালের মধ্যে বাস্তবায়িত হতে পারে।
দুই দিনের সম্মেলনে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ সিং, কমিটির চেয়ারম্যান ডঃ ফাগ্গান সিং কুলাস্তে এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্যের এই ধরনের কমিটির চেয়ারম্যান এবং সদস্য সহ সারা দেশ থেকে ১২০টিরও বেশি প্রতিনিধি সম্মেলনে যোগদান করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস
