নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : রেভ পার্টিতে যারা মাদক হিসেবে সাপের বিষ দেয় তাদের জেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন মানেকা গান্ধী। শুক্রবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাংসদ এবং পিপল ফর অ্যানিমেলস-এর প্রতিষ্ঠাতা মানেকা গান্ধী রেভ পার্টিতে যারা সাপের বিষকে নেশা হিসাবে দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিন উত্তরপ্রদেশে সাপের বিষের ঘটনায় ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া জানিয়ে মানেকা গান্ধী বলেন, প্রায় এক সপ্তাহ আগে, উত্তরপ্রদেশের মথুরায় একটি অভিযান চালানো হয়েছিল, যেখানে চার জনের কাছে ৮টি সাপ পাওয়া গিয়েছিল। কিছু ব্যক্তি জানিয়েছিল যে তারা একটি গ্যাংয়ের সঙ্গে যুক্ত যারা রেভ পার্টিতে ড্রাগ হিসাবে সাপের বিষ সরবরাহ করতো। এই গ্যাংয়ের সদস্যরা এলভিশ যাদবের নাম জানায়।
তিনি বলেন, সংগঠনটি সাপের বিষ সরবরাহের জন্য এই চক্রের সঙ্গে যোগাযোগ করেছিল। এই অভিযানে ১১টি সাপকে রক্ষা করা হয় এবং সাপের বিষও উদ্ধার করা হয়। শুক্রবার মানেকা গান্ধী বলেন, এই ধরনের মানুষদের জেলে পাঠানো উচিত।
উল্লেখ্য, এলভিশ যাদবের বিরুদ্ধে নয়ডার সেক্টর ৪৯ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিষাক্ত সাপ পাচার এবং অবৈধ রেভ পার্টি করার অভিযোগে অভিযুক্ত এলভিশ।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
