ইটানগর, ২২ সেপ্টেম্বর (হি.স.) : মাত্র দুটি লোকসভা আসন, তাই অরুণাচল প্রদেশকে ধর্তব্যের মধ্যে রাখেনি কংগ্রেস, এই রাজ্যকে বরাবর উপেক্ষা করে গেছে তারা, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ সোমবার ৫,১০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে ইটানগরে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কৌশলগত, প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং সাংস্কৃতিক গুরুত্ব থাকা সত্ত্বেও এই অঞ্চলটি কয়েক দশক ধরে উপেক্ষিত ছিল। তিনি বলেন, কংগ্রেস ভেবেছিল, অরুণাচলের জনসংখ্যা এত কম, মাত্র দুটি লোকসভা আসন, তাই এই রাজ্যের প্রতি মনোযোগ দেওয়ার দরকার কী? তথ্য দিয়ে মোদী বলেন, এগারো বছরের পূর্ববর্তী দিল্লির সরকারগুলি উন্নয়নের চেয়ে নির্বাচনী হিসাব-নিকাশকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের হীন মানসিকতার দরুন গোটা উত্তর-পূর্বাঞ্চলের বহু লোকসান হয়েছে। কংগ্রেস এই অঞ্চলের দিকে এতটকুও তাকায়নি। উন্নয়নের মুখ দেখতে কয়েক দশক লেগেছে উত্তর-পূর্বাঞ্চলকে। ২০১৪ সালের পর উত্তরপূর্বের উন্নয়নে ব্যাপক কাজ করছে এনডিএ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, আমাদের অনুপ্রেরণা ভোট এবং আসনের সংখ্যা নয়, বরং জাতিকে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বোচ্চে রাখার ধারণা। আমাদের একমাত্র মন্ত্র ‘নাগরিক দেবো ভবঃ’।
প্রধানমন্ত্রী বলেন, উত্তরপূর্বকে বিকশিত করতে তাঁর সরকার বাজেট বরাদ্দ বৃদ্ধি করে সমাজের অন্তিম ব্যক্তির জীবনমান উন্নত করে এবং মন্ত্রী ও আধিকারিকদের ঘন ঘন এই অঞ্চলে ভ্রমণ নিশ্চিত করে সেই কংগ্রেসি মানসিকতাকে উল্টে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার।
দুর্নীতি এবং অতিরিক্ত কর আরোপের জন্য কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সামান্য আয়ের ওপরও ব্যাপক কর আরোপ করা হতো। ৩০ শতাংশেরও বেশি কর আরোপ করা হতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপর। মোদী বলেন, সরলীকৃত স্ল্যাব সহ নতুন জিএসটি কাঠামো নাগরিকদের ওপর আর্থিক চাপ কমানো এবং ছোট ব্যবসাকে চাঙ্গা করতে প্রদত্ত প্রতিশ্রুতি তিনি বাস্তবায়িত করেছেন।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিওম সাব-বেসিনে ৩,৭০০ কোটি টাকার বেশি ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প যথাক্রমে ২৪০ মেগাওয়াট হিও এবং ১৮৬ মেগাওয়াট টাটো-১-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়া তাওয়াং-এ ৯,৮২০ ফুট উচ্চতায় অবস্থিত একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টারের ঘোষণাও করেন প্রধানমন্ত্রী। এই কনভেনশন সেন্টারে ১,৫০০ জন প্রতিনিধির জন্য আন্তর্জাতিক সম্মেলন এবং সাংস্কৃতিক উৎসব আয়োজন করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু আজকের দিনটিকে রাজ্যের জন্য একটি মাইলফলক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একসময় বেহাল রাস্তাঘাট, বিমানবন্দর এবং রেলপথের জন্য বিচ্ছিন্ন এই রাজ্য এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং উত্তরপূর্বে সর্বোচ্চ দৈর্ঘ্যের জাতীয় মহাসড়ক অর্জন করেছে।
বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
