আহমেদনগর, ১৬ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নারায়ন্দোহ স্টেশনের কাছে একটি ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) প্যাসেঞ্জার ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে যায়। সোমবার দুপুর নাগাদ এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলের তরফে জানান হয়েছে যে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। অস্তি স্টেশন থেকে ট্রেনটি পশ্চিম মহারাষ্ট্রের আহমেদনগরের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সোমবার দুপুর ৩টে নাগাদ আচমকাই ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে যায়। সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাজ মানসপুরে জানিয়েছেন, জ্বলন্ত কোচের ভিতরে কেউ আটকে পড়েনি। তিনি আরও বলেন, ঘটনার পর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রাও আগুন নেভাতে সহায়তা করে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
