সুপৌল, ২৬ আগস্ট (হি.স.) : বিহারে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কখনও হেঁটে, কখনও মোটরবাইকে চেপে সেই যাত্রায় অংশ নিতে দেখা যাচ্ছে রাহুলকে। আগামী ১ সেপ্টেম্বর পটনায় বিশাল জনসভা করে সেই যাত্রা শেষ হওয়ার কথা।
মঙ্গলবার সকালে সেই যাত্রায় যোগ দিলেন রাহুলের বোন তথা ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন বিহারের সুপৌল শহরের হুসেন চক থেকে সকাল ৮টা নাগাদ যাত্রা শুরু করেন রাহুল। সেই মিছিলে হুড খোলা গাড়িতে রাহুলের পাশে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এ দিনের মিছিলে কংগ্রেসের কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাশের জেলা মাধেপুরা এবং সহর্ষ থেকেও অনেকে মিছিলে যোগ দেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
