ডিফু (অসম), ২৪ জুলাই (হি.স.) : ডিফু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। তবে সংঘটিত দুৰ্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার বিকালে ডিফু স্টেশনের পাশে একটি ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ ঘটে ২২৫০৩ নম্বর কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের। ট্রেনের সঙ্গে সংঘটিত সংঘর্ষে ট্র্যাক্টরটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেলেও ট্রেনের কোনও যাত্রী হতাহত হওয়ার খবর নেই। এমন-কি ট্র্যাক্টারের চালকও অক্ষত অবস্থায় বেঁচে যান।
তবে ট্র্যাক্টরের সঙ্গে বিবেক এক্সপ্রেসের সংঘর্ষ সংঘটিত হওয়ায় ট্রেনের ইঞ্জিন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে ট্রেনটিকে বেশ কিছু সময় আটকে রাখা হয় দুর্ঘটনাস্থলে। তার পর বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বিবেক এক্সপ্রেস পুনরায় ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাত্রা করে।
বিবেক এক্সপ্রেস ডিফু স্টেশনে প্রবেশ করার কিছু আগে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে স্টেশনে প্রবেশ করছিল বলে ট্রেনটির গতিতে রাশ ধরেছিলেন চালক। ফলে ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ সংঘটিত হলেও ট্রেনটি লাইনচ্যুত না হওয়ায় এক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব
