ভোপাল, ২৮ অক্টোবর (হি.স.) : রাজা শঙ্কর শাহ এবং রঘুনাথ শাহকে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিন দিনের মধ্যপ্রদেশ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যপ্রদেশের জব্বলপুরে অমিত শাহ আদিবাসী বীর রাজা শঙ্কর শাহ এবং তাঁর পুত্র কুনওয়ার রঘুনাথ শাহের আত্মত্যাগের স্থানে গিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন দুপুরে বিশেষ বিমানে করে তিনি জব্বলপুরে পৌঁছন। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। শাহ জব্বলপুরের মালগোদাম চকের রাজা শঙ্কর শাহ ও রঘুনাথ শাহের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপরে অমিত শাহ জব্বলপুরের বিভাগীয় বিজেপি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর তিন দিনের মধ্যপ্রদেশ সফরে বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতির পর্যালোচনা করবেন। শাহ এখানে রাজ্যের ২৩০টি আসনের কর্মীদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করবেন। প্রথম দিনে তিনি ৩৮টি আসন নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
