কলকাতা, ২৮ জুন ( হি. স.): পূর্ব ভারত আঞ্চলিক পরিষদের (ইআইআরসি) দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই) এবং ইস্টার্ন ইন্ডিয়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন -এর যৌথ উদ্যোগে শনিবার কলকাতার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ুয়াদের এক জাতীয় সম্মেলন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভার্চুয়ালি এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর বক্তব্যের বলেন, ভারতের অর্থনীতিতে উন্নতির সঙ্গে দরকার কর্মকুশলী। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অংশগ্রহণ, অডিট , ট্যাক্সেশন ও এডভাইজারের ক্ষেত্রে তাঁদের ভূমিকা ব্যক্ত করেছেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিওএস-এর চেয়ারম্যান সিএ রোহিত রুয়াটিয়া, আইসিএআই কাউন্সিলের সদস্য সিএ রবি কুমার পাটওয়া, ইআইএআরসির সভাপতি সিএ বিষ্ণু কে তুলসিয়ান , ইআইএআরসির সহ সভাপতি প্রমুখ ব্যক্তিত্ব। এছাড়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আইসিএআই- এর প্রাক্তন সদস্য কে গোয়েল, ইমামী প্রাইভেট লিমিটেডের এমডি হর্ষবর্ধন আগরওয়াল এবং কেন্ট এর সভাপতি মহেশ গুপ্তা সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৪,৫০০ জন সিএ পড়ুয়া উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হন এবং তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সংকল্পে সম্পন্ন হয় এই অভূতপূর্ব অনুষ্ঠান ।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা কৃতজ্ঞ তাঁর কাছে যে তিনি ভারতের প্রতিটি মানুষের কল্যাণে আপ্রাণ চেষ্টায় সর্বদা নিবেদিত। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাও ভারতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এবং এখানে উপস্থিত সকলের সমাজের প্রতি নিজস্ব ভূমিকা রয়েছে। ভারত আজ বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশে উন্নীত হয়েছে , সেটা সম্পূর্ণ তার নিজের দক্ষতায়। এদিন ভারতের নতুন শিক্ষানীতি এবং ডিজিটালাইজেশন নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
বক্তব্যের রেশ টেনেই মহেশ গুপ্তা বলেন, বর্তমানে বিশ্বে রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এসেছে অর্থনৈতিক অস্থিরতাও। তবে এতে চিন্তার কোনও বিষয় নেই, যারা এই পেশাকে বেছে নিয়েছেন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য শুধু চাই আত্মবিশ্বাস। বক্তব্যের শুরুতেই রবি কুমার পাটোয়ার স্মৃতি রোমন্থনে সামনে আসে ১৯৪৯ থেকে এই ইনস্টিটিউটের পথচলার ইতিহাস, যা বর্তমানে ১১ লক্ষ ছাত্র – ছাত্রীর বৃহৎ পরিবার, ৪৭ টি দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ১৭৯ টি শাখা, যা বিশ্বের বৃহত্তম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউট হিসাবে পরিচিত। অতিথিদের স্মারক বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
