শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): আবহাওয়ার খামখেয়ালিপনা এবার হতাশ করল উপত্যকার বাসিন্দাদের, হতাশ কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকরাও। শীতের ভরা মরসুমের বরফের দেখা নেই কাশ্মীরে, বিগত ৩-মাস ধরে কাশ্মীরের সমতলে বৃষ্টি ও তুষারপাতের দেখা নেই। বলাবাহুল্য, এবার সবথেকে খারাপ শীত উপভোগ করল ভূস্বর্গ। আগামী ২৪ ঘন্টার মধ্যেও আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃষ্টি ও তুষারপাত না হলেও, ঠান্ডা কিন্তু এখনও জাঁকিয়ে বিরাজ করছে শ্রীনগর-সহ কাশ্মীরের নানা প্রান্তে। শৈত্যপ্রবাহে জমে গিয়েছে ডাল লেকের জল। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, মাইনাস ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াস ও পহেলগামে মাইমাস ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আশ্চর্যের বিষয় হল, চিল্লাই কালান”-এর সময়েও বরফহীন কাশ্মীর। এ জন্য এল নিনো-কে দায়ী করছেন আবহাওয়াবিদরা।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
