নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): জগদীপ ধনখড়ের উত্তরসূরি বেছে নিল বিজেপি। রবিবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ধনখড়ের উত্তরসূরি হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণকেই দেখতে চাইছে বিজেপি। বিজেপির প্রস্তাবিত নামে সায় দিয়েছে এনডিএ শিবিরের শরিক দলগুলিও।
রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের সংসদীয় বোর্ডের বৈঠক ছিল। ওই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দলের সদর দফতরে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাড্ডা বলেন, “সকলের সঙ্গে আলোচনা হয়েছে। সকলের পরামর্শ চাওয়া হয়েছে। সব শেষে সিদ্ধান্ত হয়েছে, এনডিএ শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণকে বেছে নিচ্ছি।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, তাঁরা চাইছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি বাছা হোক। এনডিএ শিবিরের সকলেই রাধাকৃষ্ণণের নামে সমর্থন জানিয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
