নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন সি পি রাধাকৃষ্ণন। এদিন রাষ্ট্রপতি ভবনে সকাল ১০টায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
উল্লেখ্য, মঙ্গলবারই উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন ৬৭ বছর বয়সী রাধাকৃষ্ণন। বিরোধী জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন রাধাকৃষ্ণন। গত ২১ জুলাই জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কারণেই এই নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
প্রসঙ্গত, মঙ্গলবার দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন নির্বাচিত হন। রাজ্যসভার মহাসচিব এবং নির্বাচনী আধিকারিক পিসি মোদী ফলাফল ঘোষণা করে বলেন যে, ৭৮১ জন সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দিয়েছেন, ৯৮.২ শতাংশ ভোট হয়েছে।
এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়েছেন। আর বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানান সিপি রাধাকৃষ্ণনকে। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন যে, নবনির্বাচিত উপরাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবেন এবং সংসদীয় আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন।
উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপালের পদ ছেড়ে দেন। রাষ্ট্রপতি গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে তাঁর নিজস্ব দায়িত্বের পাশাপাশি মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্বও অর্পণ করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
