নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান রয়েছে অস্বাস্থ্যকরই। শুক্রবার সকালেও দিল্লির বাতাসের গুণমান থাকল খুব খারাপের পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যে। শীতের আমেজ পুরোপুরি শুরু হওয়ায়, দিল্লিতে এখন কিছু দিন ধরে ‘খুব খারাপ’ বাতাসের গুণমান দেখা যাচ্ছে।
ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাচ্ছে। জাতীয় রাজধানীর বেশ কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩০০-এর বেশি দেখা গিয়েছে এদিন, তবে কিছু এলাকায় বাতাসের গুণগতমান মান ৩০০-র নীচে ছিল। শুক্রবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, দূষণের কারণে অস্বস্তি বোধ করেছেন দিল্লিবাসী। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৩৭৪, অশোক বিহারে ৩৭২, দ্বারকা সেক্টর ৮-এ ৩৫০, আইটিও-তে ৩৬৪ ও জাহাঙ্গীরপুরীতে ৩৯৬।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
