
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): অর্থের বিনিময়ে প্রশ্ন ইস্যুতে অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের। এবার মহুয়াকে আগামী ২ নভেম্বর ডেকে পাঠাল লোকসভার এথিক্স কমিটি। শনিবার সংসদের এথিক্স কমিটি জানিয়েছে, ২ নভেম্বর তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে।
এর আগে মহুয়াকে ৩১ অক্টোবর তলব করেছিল এথিক্স কমিটি। কিন্তু, গতকালই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া এক্স মাধ্যমে জানান, ৩১ অক্টোবর উপস্থিত হতে পারবেন না তিনি। মহুয়া জানান, বিজয়া দশমীর সম্মেলনে যোগ দেওয়ার সূচি আগে থেকেই নির্ধারিত ছিল, তাই ৪ নভেম্বরের আগে তিনি হাজিরা দিতে পারবেন না। যদিও, ৪ নভেম্বরের আগে ২ নভেম্বর মহুয়াকে ডেকে পাঠাল এথিক্স কমিটি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
