ইটানগর, ১৬ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের তিরাপ জেলার অন্তর্গত ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় খুন হয়েছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক ইউমসেন মাতে। আজ শনিবার সন্ধ্যায় সন্দেহভাজন উগ্রপন্থীরা তাঁকে খুন করেছে বলে মনে করছে পুলিশ।
ইউমসেন মাতে তিরাপ জেলার অন্তর্গত খোনসা পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন। পুলিশ সূত্রের খবর, লাজু সার্কলের রাহো গ্রামের একটি সামাজিক অনুষ্ঠান থেকে ইউমসেন মেতেকে প্রথমে অপহরণ করা হয়। এর পর তাঁকে আন্তৰ্জাতিক সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁকে খুন করে অপরাধীরা মায়ানমারের দিকে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
উল্লেখ্য, তিরাপ জেলার অন্তর্গত খোনসার লাজু গ্রামের বাসিন্দা ইউমসেন মাতে ছিলেন ওল্লো সম্প্রদায়ভুক্ত। তিনি ছিলেন ওল্লো সম্প্ৰদায়ের প্রথম স্নাতক। ইতিহাসে অনার্স নিয়ে ১৯৯২-৯৩ সালে অরুণাচল প্রদেশের ইটানগরে অবস্থিত সরকারি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। তিনি চাংলাং জেলায় জেলা বয়স্ক শিক্ষা আধিকারিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজনীতিতে এসে কংগ্রেসের সদস্য হন।
২০০৮ সালে ৬৫ নম্বর খোনসা পশ্চিম আসনে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। সেবার তিনি মহিলা ও সমাজকল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও উপজাতি বিষয়ক এবং তিরাপ, চাংলাং ও লংডিং বিভাগের সংসদীয় সচিব হিসেবে নিয়োজিত হয়েছিলেন।
পরবর্তীতে ২০১৫ সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউমসেন মাতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
