বার্ন, ১ জানুয়ারি (হি. স.) : বর্ষবরণ উদযাপনের মধ্যেই সুইজারল্যান্ডের ক্র্যান্স মন্টানায় একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত অনেকে। বৃহস্পতিবার সুইস পুলিশ জানিয়েছে, আলপাইন স্কি রিসর্ট টাউনের লে কনস্টেলেশন নামের পানশালায় নববর্ষের পার্টি চলছিল। বিস্ফোরণে আহত একাধিক। ঘটনাটি নাশকতার কি না তা এখনও জানা যায়নি।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের পুলিশের আধিকারিক গেটান ল্যাথিয়ন বলেন, বিস্ফোরণ এর কারণ এখনও অজ্ঞাত… এর ফলে অনেকে আহত এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন। সুইজারল্যান্ডে পর্যটকদের অন্যতম আকর্ষণ লে কনস্টেলেশন পানশালাটি। সেখানেই পার্টি চলছিল। বিস্ফোরণ ঘটে রাত দেড়টা নাগাদ। এখনও স্পষ্ট নয় এর ফলে কতজন মানুষ নিহত এবং আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র আরও জানিয়েছেন, ছুটির দিনে ক্রান্স মন্টেনায় প্রচুর পর্যটক বেড়াতে আসেন। সেই কারণেই ভিড় জমেছিল জনপ্রিয় পানশালাটিতে। তদন্ত শুরু হয়েছে। এখনও অনেকে কিছুই পরিষ্কার নয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি
