ঢাকা, ৫ আগস্ট, (হি.স.) : ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসের ‘ছাত্র-গণ অভ্যুত্থান’ উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে। ক্ষমতা বদলের বর্ষপূর্তিতে মঙ্গলবার এই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করে তিনি বলেন, ‘‘পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।’’ শেখ হাসিনার ১৬ বছরের শাসনকে ‘‘ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা’’ বলে চিহ্নিত করেছেন মুহাম্মদ ইউনূস।
১৯৭৫ সালের নভেম্বরে রক্তক্ষয়ী সেনা বিদ্রোহকে ‘সিপাহি-জনতার বিপ্লব’ বলে চিহ্নিত করে ইউনূস মঙ্গলবার বিএনপি-র প্রতি সহযোগিতার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছেন অনেকে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
