ঢাকা, ৪ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও অবাধে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। দেশের সমস্ত থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারদের বদলি করার নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যে সমস্ত ওসি একটি থানায় ছমাস বা তার বেশি সময় রয়েছেন, তাঁদের প্রথমে বদলি করার নির্দেশ দিয়েছে কমিশন। উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনওদের ক্ষেত্রে যারা উপজেলায় এক বছরের বেশি সময় কাজ করেছেন তাঁদের অন্য জেলায় বদলি করা হবে। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে। প্রথম দফায় ২০৭ ইউএনও ও ৩২৬ ওসিকে বদলি করা হবে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে কারচুপি ও হিংসার অভিযোগে বিদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগ সরকার। বিরোধীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠছে লাগাতার। সেই বিষয়ে মুখ খোলে আমেরিকা । সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগেই ওয়াশিংটন কড়া হুমকি দিয়েছে, হিংসায় অভিযুক্তদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে। ওয়াশিংটনের এই ভিসা নীতিকেই আওয়ামি সরকারের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে খালেদা জিয়ার দল বিএনপি। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চিনের সঙ্গে হাসিনা সরকারের উষ্ণ সম্পর্ক মোটেও সুনজরে দেখছে না বাইডেন প্রশাসন। তাই কলকাঠি নেড়ে আওয়ামি সরকারকে চাপে রাখছে আমেরিকা। হিন্দুস্থান সমাচার / কাকলি
