করাচি, ১৮ ডিসেম্বর (হি.স.) : হাসপাতালে ভর্তি মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম । সূত্রের খবর, শরীরে বিষক্রিয়ার জেরেই করাচির হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল। আন্ডারওয়ার্ল্ড ডনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে দাউদের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ। হাসপাতালের একটি ফ্লোর একেবারে খালি করে দেওয়া হয়েছে তাঁর জন্য। চিকিৎসক ও পরিবারের একেবারে ঘনিষ্ঠরা ছাড়া কেউই দেখা করতে পারছেন না দাউদের সঙ্গে। প্রাথমিকভাবে খবর, বিষ খাওয়ানো হয়েছে কুখ্যাত ডনকে। তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই সূত্রের খবর। যদিও দাউদের পরিবার বা করাচির হাসপাতালের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি।
দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবায় কড়াকড়ি শুরু হয়েছে। লাহোর, ইসলামাবাদ, করাচির মতো দেশের প্রধান শহরগুলোতেও ধীর গতিতে চলছে ইন্টারনেট। রাত আটটার পরে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়াও কাজ করছে না। পাক প্রশাসনের এমন পদক্ষেপের পরই দাউদের অসুস্থতা নিয়ে জল্পনা আরও বাড়ছে ওয়াকিবহাল মহলে।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই পাকিস্তানে বসবাসকারী বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। ভারতবিরোধী বলেই পরিচিত ছিলেন তাঁরা। এহেন পরিস্থিতিতে দাউদের অসুস্থতার খবরে তোলপাড় আন্তর্জাতিক মহল।
-হিন্দুস্থান সমাচার / কাকলি
