কলকাতা, ২ আগস্ট, (হি.স.): শুক্রবার
কলকাতা বিমানবন্দরে কাঁচ ভেঙে ঢোকার চেষ্টার সময় মহম্মদ আসরাফুল হোসেন নামে এক বাংলাদেশিকে হাতেনাতে ধরে সিআইএসএফ। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে তাঁকে ৩ দিনের জন্য জেল হেফাজতে পাঠান বিচারক।
সিঙ্গাপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন বাংলাদেশের ওই যুবক। কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ট্রানজ়িটে ছিলেন তিনি। ওই জায়গা কাঁচে ঘেরা থাকে। সেই কাঁচ ভেঙে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন বাংলাদেশের অভিযুক্ত যুবক।
ফ্লাইটে এক কোনও দেশ থেকে এসে অন্য কোনও দেশে যাওয়ার ফ্লাইট ধরার আগে ইন্ট্যারন্যাশনাল ট্রানজ়িটেই থাকেন এমন যাত্রী। মহম্মদ আসরাফুল হোসেনের ক্ষেত্রেও বিষয়টিই তাই ছিল। ভারতে ঢোকার জন্য প্রয়োজনীয় ভিসা ছিল না তাঁর কাছে।
কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করতেই ধরা হয় আসরাফুলকে। শুক্রবারই তাঁর জন্য অস্থায়ী ল্যান্ডিং পারমিটের ব্যবস্থা করে পুলিশের হাতে তুলে দিয়েছিল বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
