কলকাতা, ২ আগস্ট (হি.স.) : বর্তমানে ভারতীয় ফুটবলের সেরা ফুটবলার সুনীল ছেত্রীর জন্মদিন রবিবার, ৩ আগস্ট। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বেঙ্গালুরু এবং ভারতীয় ফুটবল দলের আক্রমণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড়। ভারতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক স্তরে তিনি তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তারই ঝুলিতে।
২০০৫ সালে পথ চলা শুরু করেছিলেন দেশের জার্সিতে। এরপর ২০২৪ এর ৬ জুন শেষবার নীল জার্সিতে ভারতীয় দলে খেলার পর অবসর নিয়ে ছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। কিন্তু এক বছর আগে আবার অবসর ভেঙে ভারতীয় দলে ফিরেছেন। আন্তর্জাতিক কেরিয়ারে সুনীলের আছে অনেক কীর্তি। তাঁর এমন অনেক কীর্তি আছে যা ভাঙা বেশ কঠিন। রবিবার তাঁর ৪১তম জন্মদিন। তিনি ১৯৮৪ সালের ৩ আগস্ট অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর গড়া কঠিন কীর্তি গুলোর মধ্যে উল্লেখ্য হলো যথাক্রমে :
প্রথম ভারতীয় হিসাবে তিনটি উপমহাদেশে খেলেছেন তিনি:
**মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ ভারতের বিভিন্ন ক্লাবে খেলেছেন সুনীল। ফলে এশিয়ার ফুটবলের অন্যতম সেরা তারকা তিনি।
**খেলেছেন স্পোর্টিং ক্লুব দ্য পর্তুগালের হয়ে , যা ইউরোপ মহাদেশের অন্তর্গত।
**উত্তর আমেরিকার ক্লাব কানসাস সিটি উইজ়ার্ডসের হয়ে খেলেছেন তিনি।
এএফসি প্রতিযোগিতায় ভারতীয় হিসাবে তাঁর সর্বাধিক গোল রয়েছে:
এএফসি প্রতিযোগিতায় ১৯টি গোল রয়েছে সুনীল ছেত্রীর। এ ছাড়া তিনি দু’বার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলেছেন। চার্চিল ব্রাদার্স এবং বেঙ্গালুরু এফসি-র হয়ে।
আইএসএলে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি হ্যাটট্রিক:
আইএসএলে এখনও পর্যন্ত দু’টি হ্যাটট্রিক রয়েছে সুনীলের। আর কোনও ভারতীয় ফুটবলারের এই নজির নেই।
আন্তর্জাতিক ফুটবলে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি গোল:
ভারতীয় ফুটবলে সুনীলের ধারেকাছে কেউ নেই। সক্রিয় ফুটবলারদের মধ্যেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি রয়েছেন সুনীলের উপরে। ১৫০টি ম্যাচে ৯৪টি গোল করেছেন সুনীল। অভিষেক ম্যাচেই তিনি গোল করেছিলেন। ধীরে ধীরে ভাইচুং ভুটিয়া, আইএম বিজয়নদের টপকে যান। এই মুহূর্তে দেশের হয়ে ৯৪টি গোল করা যে কোনও ফুটবলারের কাছেই কঠিন।
সাত বার ভারতের বর্ষসেরা ফুটবলার:
সাত বার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সুনীল। এতবার এই পুরস্কার কোনও ফুটবলার পাননি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
