ঢাকা, ২৭ নভেম্বর (হি. স.) : ফের অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়া। বর্তমানে তিনি ঢাকার এক হাসপাতালের সিসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার একথা জানিয়েছেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে। তাঁদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে বিএনপি সুপ্রিমোর। ৮০ বছর বয়সি খালেদা দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবিটিস, লিভার ও কিডনিজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। কিন্তু গত রবিবার শ্বাসকষ্ট দেখা দেয় তাঁর। এরপরই তড়িঘড়ি করে তাঁকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের তরফে দেশবাসীর কাছে খালেদার সুস্থতার জন্য প্রার্থনা করার আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে কাটিয়ে অবশেষে গত ৬ মে তিনি বাংলাদেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
